
শিশু ও টিনএজারদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে রীতিমতো সমালোচনা ও মামলায় জর্জরিত টিকটক।বর্তমানে অ্যাপটি মেডিটেশনের দিকে ঝুঁকেছে। কারণ ইউজারদের গভীর শ্বাস-প্রশ্বাসের শান্তিদায়ক প্রভাবের দিকে পথ দেখাতে চাইছে টিকটক। সোশ্যাল মিডিয়টি নতুন মেডিটেশন ফিচার চালু করতে যাচ্ছে বলে জানা গেছে।
টিকটক বলেছে, নিজেদের অ্যাপের ভেতরেই গাইডেড মেডিটেশন ও অন্যান্য মানসিক সুস্থতা বাড়ানোর মতো ফিচার চালু করছে তারা, যা মূলত তরুণ ইউজারদের জন্য তৈরি করেছে কোম্পানিটি।চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্সের মালিকানাধীন কোম্পানি টিকটক বলেছে, এ বছরের শুরুতে তাদের কিছু নির্বাচিত টিনএজারের মধ্যে নতুন মেডিটেশন ফিচার নিয়ে পরীক্ষা শুরু করেছিল তারা। বর্তমানে এগুলো সকল বয়সের ইউজারের জন্য আনবে প্লাটফর্মটি।কোম্পানিটি বলেছে, ইউজারদের ঘুমে উন্নতির লক্ষ্যে তৈরি এই মেডিটেশন ফিচারটি ঘুমের সময় চালু হবে এবং ১৮ বছরের কম বয়সী ইউজারদের জন্য এটি ডিফল্টরূপেই চালু থাকবে। কোনো তরুণ ইউজার যদি রাত ১০টার পরও টিকটক ব্যবহার করে তবে তাদের ,ফর ইউ ফিডে গাইডেড মেডিটেশন এক্সারসাইজ ফিচারটি চালু হয়ে যাবে। এরপরও যদি ইউজার টিকটক ব্যবহার করতে থাকে তাহলে দ্বিতীয়বারের জন্য অ্যাপটি ফোনের স্ক্রিনে মেডিটেশন প্রম্পট দেখাবে।
এ সপ্তাহের শুরুতে টিকটক যে মেডিটেশন ফিচার আনার ইঙ্গিত দিয়েছিল তা এসেছে আরও কিছু নতুন ফিচারের সঙ্গে। যার মধ্যে রয়েছে, নতুন শিক্ষামূলক ফিড, অনলাইন নিরাপত্তা টুল ও স্ক্রিন টাইমের ওপর উন্নত প্যারেন্টাল কন্ট্রোল বা অভিভাবকের নিয়ন্ত্রণ।সেই সঙ্গে তরুণ ইউজারদের জন্য সুস্থ ডিজিটাল অভ্যাস গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছে টিকটক।





