
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন,পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে, কারণ উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক শক্তি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, একটি বিশাল আর্মাডা ইরানের দিকে দ্রুতগতিতে, বিপুল শক্তি, উদ্দীপনা ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে,এ কথা বলে তিনি একটি বড় মার্কিন নৌবহরের দিকে ইঙ্গিত করেছেন।এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী আঙুল ট্রিগারে রেখে তৈরি আছে এবং স্থল বা সমুদ্রপথে যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে সক্ষম।এদিকে ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে— আমেরিকা ও তার মিত্রদের এই অভিযোগ বারবার অস্বীকার করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ এই হুঁশিয়ারি আসে তার সেই প্রতিশ্রুতির পর, যেখানে তিনি বলেছেন যে চলতি মাসের শুরুতে ইরানে নজিরবিহীন ও নির্মমভাবে দমন করা বিক্ষোভে জড়িতদের সহায়তায় ওয়াশিংটন হস্তক্ষেপ করবে।ইরানে বিক্ষোভ শুরু হয় জাতীয় মুদ্রার মূল্য হঠাৎ কমে যাওয়ার পর।
তবে খুব দ্রুতই তা দেশটির ধর্মীয় নেতৃত্বের বৈধতা নিয়ে এক গভীর সংকটে রূপ নেয়।আমেরিকাভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, তারা ডিসেম্বরের শেষ দিকে অস্থিরতা শুরু হওয়ার পর থেকে অন্তত ৬ হাজার ৩০১ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে ৫ হাজার ৯২৫ জন ছিলেন বিক্ষোভকারী।








