
শিঙাড়ার সঙ্গে বাড়তি চাটনি না দেওয়ায় রাগে দোকানের কর্মী-কে চড় মেরে বিতর্কে জড়িয়েছেন বীরভূমের এক তৃণমূল কাউন্সিলর। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুবরাজপুরের শ্মশানকালী মন্দিরের কাছে একটি দোকানে শিঙাড়া কেনার পর বাড়তি চাটনি চান দুবরাজপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। তা নিয়ে দোকানের ওই কর্মীর সঙ্গে তাঁর বাদানুবাদ হয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হঠাৎই দোকানের কর্মচারীকে চড় মারেন নাজিরউদ্দিন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা দুবরাজপুর থানা মোড়ের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। জাতীয় সড়কের উপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় এবং দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে। হাজির হন উপ পুরপ্রধান মির্জা সৌকত আলি-সহ অন্য কাউন্সিলরেরাও। পুলিশ রাতেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে আটক করে সদাইপুর থানায় নিয়ে যায়।
পরে তাঁকে দুবরাজপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সকলের সামনে তিনি ক্ষমা চাইলে তাঁকে মুক্তি দেওয়া হয়।








