
ধরা দেওয়ার আগে ধরা পড়েছেন সওকত মোল্লা। চিংড়িঘাটায় মাঝরাস্তা থেকে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক, ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে গ্রেফতার করেছে এনআইএ।
বৃহস্পতিবার বাংলাদেশ পালানোর সময় চুনাখালিতে সাধারণ মানুষের তাড়া খান সওকত মোল্লা। তাঁকে চিনতে পেরে যান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে আলিপুর কোর্টে দুপুরে হাজির করানো হয় সওকত-বাহিনীর কয়েক জনকে। সারা দুপুর কোর্ট চত্বরে তাদের নজরবন্দি করে রেখেছিল এনআইএ। জিজ্ঞাসাবাদের জন্য আলিপুর কোর্ট থেকে নিয়ে যাওয়া হয়েছিল এক জনকে। আর উপায় নেই বুঝে রাতে নিউ টাউনের কেন্দ্রীয় সংস্থার দফতরে যাওয়ার কথা ভাবছিলেন সওকত মোল্লা। তবে তার আগেই চিংড়িঘাটায় মাঝরাস্তা থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকালে সওকত মোল্লার জীবনতলার বাড়িতে হানা দিয়েছিল এনআইএ। বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা।
তখন পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি অভিযান চালায় তারা। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ মামলার সূত্র ধরে ওই তল্লাশি অভিযান চলে। বিধানসভা ভোটের দিন কয়েক আগে বিস্ফোরণে এক জনের প্রাণহানি হয়। জখম হন বেশ কয়েক জন।
