
রাতে মদ্যপ অবস্থায় বোলপুর থানার আইসিকে ফোনে গালিগালাজ করার অভিযোগ উঠেছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।
এরপর শুক্রবার সকালে থানা ঘেরাও করে আইসি-র বদলির দাবিতে বিক্ষোভ শুরু হয়। অনুব্রত মণ্ডলের উদ্যোগে নাগরিক মঞ্চের নামে বিক্ষোভ দেখান তৃণমূলের একাংশ। অডিও ক্লিপ ভাইরাল হতেই শোরগোল পড়েছে। যদিও ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এস নিউজ। অভিযোগ বুধবার রাতে মদ্যপ অবস্থায় অনুব্রত মণ্ডলের নাম করে আইসি লিটন দাসকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। কাজল শেখের নাম নিয়েও আইসি লিটন দাসকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। আইসিকে দুর্নীতিগ্রস্ত বলেও আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে ২৫ মে তৃণমূলের মহামিছিল হয়েছিল। সেই মিছিলে ১৩ হাজার মানুষের জমায়েত হয়েছে বলে পুলিশের তরফে দাবি করা হয়। তবে অনুব্রত মণ্ডল প্রকাশ্যেই আইসির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে দাবি করেন ওই মহামিছিলে কমপক্ষে ২ লাখেরও বেশি মানুষ হয়েছিল।
পাশাপাশি নানুরের সিংহী গ্রামে অনুব্রত মণ্ডলের এক অনুগামীকে কাজল শেখের লোকজন মারধর করে বলে অভিযোগ। তারপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। যদিও পুলিশের দাবি এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
