
পুলিশের ভয়ে শাড়ির স্তূপের নীচে লুকিয়েও শেষরক্ষা হল না তৃণমূল নেতার। ডাঁই করা শাড়ি সরিয়ে উদয়নারায়ণপুরের তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মাথাভাঙায় খাটের তলায় লুকিয়ে থাকা তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ।
স্থানীয়দের অভিযোগ আবাসন প্রকল্পের টাকা থেকে ব্রহ্মানন্দ চক্রবর্তী কাটমানি খেয়েছেন। পাশাপাশি ২০২১-র ভোট অশান্তির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ব্রহ্মানন্দকে ধরতে গেলে উদয়নারায়ণপুরের বিলাসপুরে একটি কাপড়ের দোকানের গুদামে গিয়ে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে পড়েন। সেখান থেকেই গ্রেফতার করে পুলিশ। এদিকে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতার অর্ধেক মাথা কামিয়ে জুতোর মালা পরিয়ে কোমরে দড়ি পরিয়ে গ্রামে ঘোরাল বাসিন্দারা।
হাওড়ার শ্যামপুরের আমড়দহ গ্রাম পঞ্চায়েতের দাপুটে নেতা সন্ন্যাসী মান্নার বাড়ি থেকে প্রচুর জব কাড, আধার কার্ড, ব্যাঙ্কের পাস বই উদ্ধার। আর তাতেই জনরোষ আছড়ে পড়ে তৃণমূল নেতার ওপর।








