
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের ঠিক আগেই বহরমপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ।
ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। রবিবার রাতে বহরমপুরের মধুপুর এলাকায় একটি ক্লাবে স্থানীয় তিন তৃণমূল নেতাকে ঘিরে ফেলে কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, তাঁরাও তৃণমূলকরেন। প্রথমে বচসা হয়। পরে চেয়ার, পিস্তলের বাট ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। শূন্যে ছয় থেকে সাত রাউন্ড গুলি চালানো হয়।
এই ঘটনায় গুরুতর জখম তৃণমূল নেতা মিঠু জৈন, দেবজ্যোতি রায়-সহ তিনজন। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বহরমপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বহরমপুর থানার পুলিশ। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
