
তোলা না পেয়ে দত্তপুকুরে হোটেলে দাদাগিরি তৃণমূল নেতার অনুগামীদের। দত্তপুকুর ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান মাস্ক সাহার অনুগামীদের বিরুদ্ধে।
ক্যাশ কাউন্টার থেকে নগদ ১ লাখ ৭৮ হাজার টাকা লুঠেরও অভিযোগ উঠেছে। হোটেলে মধুচক্র চালানোর পাল্টা দাবি তুলেছেন তৃণমূল নেতা। জানা গিয়েছে দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চালতাবেড়ি এলাকায় সৌমেন দাস-র হোটেলে হঠাৎ করেই ভাঙচুর চালায় তৃণমূল নেতা মাস্ক সাহার দলবল। মাত্র কয়েকদিন আগে হোটেল ব্যবসা চালু করেছিলেন তিনি। অভিযোগ হোটেল চালাতে গেলে চাঁদা দাবি করা হয়। সেই টাকা না দেওয়াতেই এই হামলা বলে অভিযোগ করেছেন সৌমেন দাস। তাঁর আরও অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে তা নিতে অস্বীকার করে থানার এক আধিকারিক। এরপরেই বারাসত জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন হোটেল মালিক সৌমেন।
যদিও তৃণমূল পঞ্চায়েত প্রধান পাল্টা দাবি করেছেন হোটেল ব্যবসার আড়ালে মধুচক্র চালানো হচ্ছিল, তাই গ্রামবাসীরাই ভাঙচুর করেছে।









