
পূর্ব মেদিনীপুরে ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় এনআইএ-র নোটিস পেয়েছেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া চন্দন মণ্ডল।
এনআইএ-র পক্ষ থেকে ওই নোটিস পাঠানোর পরই বিষয়টি নিয়ে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল-বিজেপির। নোটিস পাওয়ার পরে তাঁকে রাজনৈতিক ভাবে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন চন্দন।স্থানীয় সূত্রের খবর, ময়নার বাকচার ঘোড়ামহল গ্রামে বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে ২০২৩ –এর ১ মে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ। নিহত বিজেপি নেতার স্ত্রী লক্ষ্মীরানি ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের ৩৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে। পরবর্তী কালে আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এনআইএ। এরই মধ্যে গত সোমবার এনআইএ থেকে চন্দনের নামে নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
