
সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা মানিক দাসকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না ঘনিষ্ঠ বলে পরিচিত। পুলিশ জানিয়েছে ২০১৪ সালের একটি মামলায় তৃণমূল নেতা মানিক দাসকে গ্রেফতার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে প্রতারণা, নথি জাল, ভয় দেখানো সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। চাকরি দেওয়ার নামে টাকা তোলারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। চন্দননগর আদালত আগেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। রাজ্যে পালাবদলের পরে মানিককে গ্রেফতার করে রবিবার চন্দননগর মহকুমা আদালতে হাজির করানো হবে।
মানিক হুগলি জেলা পরিষদের তিনবারের নির্বাচিত সদস্য এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন। গ্রেফতারের আগে তিনি সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পদে ছিলেন।








