
রাজ্যে পালাবদলের পর থেকে পলাতক ছিলেন বীরভূম জেলার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখ। রবিবার তাঁকে গ্রেফতার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। সোমবার আদালতে হাজির করানোর সময় একের পর এক ডিম পড়ল তৃণমূল নেতার গায়ে।
প্রথমে পুলিশের গাড়িতে ডিম-বর্ষণ, তার পর মামনের গায়ে কাঁচা ডিম ছোড়েন কয়েক জন। আদালতে নিয়ে যাওয়ার সময় কয়েক জন মামনের উপর হাতও তুলেছেন। পুলিশ সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা, ধর্ষণ, মারধর, সাধারণ মানুষকে গ্রামছাড়া করা, বাড়ি ভাঙচুর-সহ একাধিক অভিযোগ ছিল মামনের নামে। অভিযোগ ছিল বিভিন্ন অবৈধ কারবার চালানোরও। শান্তিনিকেতন থানার পুলিশ সূত্রে খবর, রবিবার লাভপুরের গঙ্গারামপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, কঙ্কালীতলার উপপ্রধান মামন এবং সিউড়ি-২ ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের গ্রেফতারি প্রসঙ্গে বীরভূম জেলার পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ বলেছেন, যে অভিযোগ ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। পুলিশের তরফে তদন্ত করা হচ্ছে।
