
দলের থেকেও কমিউনিটি বড়। এক পাতার শোকজে দুপাতার জবাবে নিজের অবস্থানে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
শনিবার সকালে পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়কে শোকজের জবাব দিয়েছেন ভরতপুরের বিধায়ক। জানিয়েছেন তিনি কোনও শৃঙ্খলাভঙ্গ করেন নি, তাই ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই। তাঁর কাছে জাতিসত্ত্বা আগে। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পাল্টা ঠুসে দেওয়া হবে বলে সময় বেধে হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির। তাঁর ওই মন্তব্যের জেরে তাঁকে কারণ দর্শাতে বলে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। বিধায়ককে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়ে জবাব দিতে বলা হয়। হুমায়ুন কবিরকে ফোনও করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়।
হুমায়ুনের দাবি তাঁর ১০ মিনিট ২৯ সেকেন্ডের একটি বক্তব্যের মধ্যে মাত্র ৩১ সেকেন্ডের একটি নির্দিষ্ট বক্তব্যে তৃণমূল দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে। ফের হুঁশিয়ারি দিয়ে বলেছেন শুভেন্দু অধিকারীর মত বিজেপি নেতারা আক্রমণ করলেই পাল্টা চ্যালেঞ্জ করবেনই।






