
প্রয়াত হয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
বুধবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন বিধায়ক। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। মাথায় গুরুতর চোট লাগার কারণে তাঁর ব্রেনস্ট্রোক হতে পারে এই আশঙ্কাই করেছিলেন চিকিৎসকরা। বিধায়কের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল বলেও খবর মিলেছিল। তেহট্ট মহকুমা হাসপাতালে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল তাঁকে। পরে অবস্থার অবনতি হলে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাঠিয়ে দেওয়া হয়। বুধবার রাত থেকে শহরের এক বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে আসে খারাপ খবর।২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাপস সাহা। এর পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তেহট্ট থেকে নির্বাচিত হয়েছিলেন। বিধায়কের প্রয়াণে শোকের ছায়া নদিয়া জেলায়।গত বছরেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সামনে এসেছিল তাপস সাহার নাম।
তাঁর কণ্ঠস্বরও সংগ্রহ করে সিবিআই। শুধু তাই নয়, একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।
