
তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়ের অবস্থার অবনতি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ-র সোমবারের বুলেটিন অনুযায়ী, সৌগত রায় জ্বরগ্রস্ত, কথা বলতে পারছেন না, তবে সাড়া দিচ্ছেন।
রাইলস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে, ইউরিনারি ক্যাথেটারও ব্যবহার করা হচ্ছে। তরল ও গলা খাবারই আপাতত তাঁর একমাত্র খাদ্য। বর্তমানে তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন এবং চিকিৎসকদের কড়া নজরদারিতে আছেন। গত রবিবার কলকাতার মিন্টো পার্ক সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। শারীরিক জটিলতার মধ্যে রয়েছে টাইপ-টু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশি, প্রস্রাবের সমস্যা এবং কয়েক মাস আগে বসানো পেসমেকারের বিষয়টিও।
হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়, তবে চিকিৎসকদের মতে তাতে গুরুতর কিছু ধরা পড়েনি। বর্তমানে চিকিৎসক মনোজ সাহার নেতৃত্বে একটি মেডিকেল টিম তাঁর দেখভাল করছে।
