
জাতীয় খাদ্য সুরক্ষা আইনে রেশন গ্রাহকদের জন্য অতিরিক্ত খাদ্যশস্য দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী, রেশন কার্ড থাকলেই মানুষ নির্দিষ্ট দামে চাল, গম, বাজরা বা মাইলো মিলে পাঁচ কেজি খাদ্যশস্য পাবেন। পশ্চিমবঙ্গে এই ধরনের রেশন গ্রাহকদের সংখ্যা ছ’কোটি ১ লাখ ৭৬ হাজার ৫৮ জন। ২০১৬ সালের ২৭ জানুয়ারি সেই আইন চালু হয় পশ্চিমবঙ্গে। ২০২০ সালে করোনা অতিমারির সময় কেন্দ্রীয় সরকার ৮০ কোটি ৩৫ লাখ গরিব মানুষকে অতিরিক্ত খাদ্যশস্য বরাদ্দ করে বিনামূল্যে। তারপরেও পিএমজিকেএওয়াই প্রকল্পে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া চালু রাখে সরকার।এক্ষেত্রে দমদমের বিদায়ী সাংসদ সৌগত রায় দাবি করেছেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইনে ন্যূনতম মূল্যে যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হত, তা পুনরায় চালু করা হোক। কারণ পিএমজিকেএওয়াই প্রকল্পে যে পরিমাণ খাদ্যশস্য দেওয়া হচ্ছে, তা একটি গরিব পরিবারের জন্য যথেষ্ট নয়। রেশন ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সাংসদ সৌগতের এই চিঠি পাঠানোকে যুক্তিযুক্ত বলেছেন। তাঁর কথায়, জাতীয় খাদ্য সুরক্ষা আইনেই দেশের রেশন ব্যবস্থা চলছে। সেই আইনেই নূন্যতম মূল্যে খাদ্যশস্য দেওয়া হত। আইন বলবৎ রয়েছে, কিন্তু সেই আইনে খাদ্যশস্য দেওয়া বন্ধ। এই বিষয়টি তাদের কাছে এখনও বোধগম্য হচ্ছে না।
