
বি আর আম্বেদকরকে নিয়ে সংসদে অমিত শাহ-র মন্তব্যের প্রতিবাদে কলকাতা সহ রাজ্যজুড়ে বিক্ষোভ দেখিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
ধর্মতলায় বি আর আম্বেদকরকে মূর্তিতে মাল্যদান করে কলকাতায় প্রতিবাদ কর্মসূচি করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। নেতা-কর্মীদের নিয়ে প্রতিবাদ কর্মসূচি করেছেন তিনি। রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ধিক্কার মিছিল-সহ প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, নেত্রীর নির্দেশে সারা পশ্চিমবঙ্গে ধিক্কার মিছিল এবং ধিক্কার কর্মসূচি পালিত হচ্ছে। ধিক্কার জানানো হচ্ছে কেন্দ্রের বর্তমান শাসকদল বিজেপিকে। তিনি আরও বলেন, আম্বেদকর দলিত সমাজ থেকে উঠে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সংবিধান রচনার জন্য যে কমিটি তৈরি হয়েছিল, এবং তাঁর নেতৃত্বেই ভারতবর্ষের সংবিধান সবাইকে নিয়ে পথ চলার দিশা পেয়েছিল।
সেই সময় আরএসএস, জনসঙ্ঘ এবং পরে বিজেপি তাঁর বিরোধিতা করেছে এবং করছে। সেই ঘৃণাই যেন প্রকাশ পেয়েছে অমিত শাহের কথায়।
