
সংসদের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ পাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ ও দোলা সেন।
বাণিজ্য এবং রাসায়নিক ও সার মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যানের পদ তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ করেছে সরকার। ওই দুই পদে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ এবং রাজ্যসভার সাংসদ দোলা সেনকে মনোনীত করছে রাজ্যের শাসকদল। বুধবার সকালেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের সঙ্গে দেখা করেছিলেন সংসদ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী কিরেন রিজিজু। স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ নিয়ে আলোচনা হয় দুজনের। ওই বৈঠকেই ঠিক হয়, রাসায়নিক ও সার দফতরের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হবে কীর্তি আজাদকে। বাণিজ্য দফতরের স্থায়ী কমিটির চেয়ারম্যান পদ রাখা হচ্ছে রাজ্যসভার সাংসদ দোলা সেনের জন্য।কীর্তি আজাদ একটা সময় বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। পরে যোগ দেন কংগ্রেসে। ২০২১ সালের নভেম্বরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের মতো হেভিওয়েটকে হারিয়ে সংসদে পা রাখেন তিনি।









