কংগ্রেসের আদানি-বিরোধী বিক্ষোভ এড়াল তৃণমূল-এসপি

0
116
ছবি সৌজন্যে : এক্স
সংসদে আদানি ঘুষকাণ্ডে কংগ্রেসের নেতৃত্বাধীন যৌথ প্রতিবাদ এড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি। মঙ্গলবার সংসদ চত্বরে আদানি ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস এবং বিরোধী জোট ইন্ডিয়া’র শরিক দলের সাংসদেরা।
যৌথ প্রতিবাদ কর্মসূচিতে একদম সামনের সারিতে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু বিরোধী জোটের দ্বিতীয় বৃহত্তম দল এসপি এবং তৃতীয় বৃহত্তম দল তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদকে প্রতিবাদ কর্মসূচিতে দেখা যায়নি।পরে দলের অবস্থান ব্যাখ্যা করে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা লোকসভার উপদলনেতা কাকলি ঘোষদস্তিদার বলেছেন, দল সাধারণ মানুষের সমস্যাগুলি সংসদে তুলে ধরবে। তৃণমূল কংগ্রেস চায় মসৃণভাবে সংসদের কাজ পরিচালিত হোক। তৃণমূল কংগ্রেস সংসদ অচল করতে চায় না। বিভিন্ন বিষয়ে ব্যর্থতার জন্য তাঁরা এই সরকারের জবাব চান।অন্যদিকে, কংগ্রেসের নেতৃত্বাধীন প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস এবং এসপি-র অনুপস্থিতিকে বিরোধী জোটে ফাটল বলে দাবি করছে বিজেপি। রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য কটাক্ষ করে বলেছেন, কংগ্রেস যেখানেই যায়, মানুষ তাদের প্রত্যাখ্যান করে। অবস্থাটা খালি দেখুন। কখনও তৃণমূল কংগ্রেস থাকে না, কখনও আবার আম আদমি পার্টি থাকে না।প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল, সংসদ অচল করে দেওয়ার কংগ্রেস-কৌশলে সায় নেই দলের শীর্ষ নেতৃত্বের। পশ্চিমবঙ্গের শাসকদলের তরফে প্রকাশ্যেই বলা হয়, একটিমাত্র বিষয় নিয়ে সংসদ বানচাল করার ঘোর বিরোধিতা করছে তারা।
প্রসঙ্গত, সোমবার সংসদে কক্ষ সমন্বয় নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেও যায়নি তৃণমূল কংগ্রেস। এসপি-র তরফে অবশ্য কর্মসূচিতে না-থাকার কারণ এখনও পর্যন্ত জানানো হয়নি।