
পয়লা বৈশাখ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করে বাংলা অস্মিতা-কে উদ্বুদ্ধ করতে হবে। তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী।
দলের নেতৃত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশে লিখিত নির্দেশ পাঠিয়ে ওই দিনটি পালন করতে নির্দেশ দিয়েছেন তিনি। মূলত সাতটি নির্দেশের কথা উল্লেখ করে এই নির্দেশিকাটি জারি করা হয়েছে। সাতটি নির্দেশের পঞ্চমটিতে বলা হয়েছে, স্থানীয় ছোটদের, বিশেষ করে কিশোর কিশোরীদের এই সব অনুষ্ঠানে সংযুক্ত করে বাংলা অস্মিতা চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। জেলা, টাউন, ব্লক, পঞ্চায়েত, ওয়ার্ড এবং বুথ স্তরের সংগঠনে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। পশ্চিমবঙ্গ দিবস পালনের মাঝে যাতে বাংলার নববর্ষ হারিয়ে না যায়, সে বিষয়টিও নজরে রেখেছেন সুব্রত বক্সী।
নির্দেশিকায় তিনি উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গ দিবসের পাশাপাশি পালন করতে হবে পয়লা বৈশাখও। রাজ্য সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে হবে, এবং তা শেষ করতে হবে জাতীয় সঙ্গীত দিয়ে। বাংলা নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস পালনের হোর্ডিং এবং ব্যানার দিয়ে কর্মসূচির প্রচার করতে হবে।







