
এবার বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।
তৃণমূল কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী সংসদের দুই কক্ষেই এই জ্বলন্ত ইস্যু নিয়ে বিবৃতি দিন। যদিও তাঁর ভাষণে আপত্তি জানিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।আদানি, বাংলাদেশের মতো ইস্যুগুলি নিয়ে শীতকালীন অধিবেশন উত্তপ্ত। প্রতিদিনই প্রায় বিরোধী এবং শাসক শিবিরের বাদানুবাদের জেরে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে। এদিনও রাজ্যসভা অধিবেশন তুমুল হট্টগোল তৈরি হয়। যদিও তাঁর মাঝেই বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তোলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন।এদিকে, ১৪ ডিসেম্বর সংসদে ভাষণ রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যদিও তিনি আদৌ নিজের বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করবেন কিনা, তা নিয়ে অবশ্য সরকারি তরফে কিছু জানানো হয়নি।
এর আগেও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করে লোকসভায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভার অধিবেশনে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকারের পাশে আছে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে তা নিয়ে সংসদ বিবৃতি দিন বিদেশমন্ত্রী।
