
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে বিনোদন জগতের নীরবতা সরকারের প্রতি ভীতির ফলশ্রুতি। এমনই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি ১০ বছরের প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় সংস্কারের কারিগর। দেশের অন্যতম সেরা ব্যক্তিত্বের প্রয়াণের পরও আশ্চর্যজনকভাবে নীরব দেশের ক্রীড়ামহল এবং বিনোদন জগত। যা নিয়ে এবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সোশাল মিডিয়ায় ক্রীড়া এবং বিনোদন জগতকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত দেশের সেরা ব্যক্তিত্বদের মধ্যে একজনকে হারাল। যার দূরদৃষ্টিসম্পন্ন সংস্কারমুলক পদক্ষেপ ভারতের অর্থনীতি বদলে দিয়েছে। ভারতকে উন্নয়নের দিশা দেখাতে মনমোহন সিংয়ের ভূমিকা অদ্বিতীয়। তাঁর প্রয়াণে মতাদর্শ নির্বিশেষে ডান-বাম সবপক্ষ থেকেই শোকবার্তা এসেছে। কিন্তু এটা একই সঙ্গে আশ্চর্য এবং দুঃখজনক যে গোটা ক্রীড়া এবং বিনোদন দুনিয়ে মনমোহনের প্রয়াণে নীরব।যাদের সকলে নিজেদের রোল মডেল বলে মনে করেন, মনমোহন সিংয়ের প্রয়াণের পর নীরবতা তাদের দায়িত্ববোধ, নৈতিকতা নিয়ে অস্বস্তিকর প্রশ্ন তুলতে বাধ্য করে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দাবি, বিনোদন জগতের এই নীরবতা সম্ভবত সরকারের প্রতি ভীতির ফলশ্রুতি।
আসলে জাতীয় কোনও ইস্যুতে নীরব থাকাটা এই তথাকথিত রোল মডেলদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে।এরপরই আমজনতার কাছে তিনি আর্জি জানিয়েছেন, নিজেদের রোল মডেল বাছুন সাবধানে।
