
বাংলা আবাস যোজনায় বাড়ি দেওয়ার জন্য কয়েকজন উপভোক্তার কাছ থেকে কাটমানি নিয়েছেন। এই অভিযোগে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী এবং পঞ্চায়েতের দুই প্রাক্তন সদস্য সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ শ্রীহট্ট গ্রামে হানা দেয়। অভিযুক্তদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার ৪ অভিযুক্তকে কান্দি আদালতে তোলা হয়েছে। জানা গিয়েছে বড়ঞা ব্লকের সাবলপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীহট্ট গ্রামের তৃণমূল সদস্য সকেয়া বিবির স্বামী সুফল রহমান, পঞ্চায়েতের দুই প্রাক্তন সদস্য প্রশান্ত কুমার পাল, উৎপল বাগদি এবং মানিক বায়েন।
শ্রীহট্ট গ্রামের বাসিন্দা অঙ্গরী দত্ত নামে এক উপভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
