
কোনও ব্যক্তিবিশেষ নন, সংসদে দলীয় অবস্থান ঠিক করবেন দলের সংসদীয় নেতৃত্ব। এমনটাই জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সংসদে দলের অবস্থান কোনও ব্যক্তিবিশেষের বিষয় নয়।এই বিষয়ে অবস্থান নেবেন তৃণমূল কংগ্রেসের পার্লামেন্টারি চেয়ারম্যান হিসেবে তিনি। কিন্তু লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, উপ দলনেতা সাগরিকা ঘোষ এবং মুখ্য সচেতক নাদিমুল হক। তাঁরা আগে সিদ্ধান্ত নেবেন। তারপর তাঁকে জানালে পরামর্শ দেবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরে তৃণমূল কংগ্রেসে জল্পনা শুরু হয়েছে। কারণ বুধবার দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাধক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদ ব্যক্তিগত উদ্যোগে যেন সংসদে কোনও বিষয়ে মুলতুবি প্রস্তাব না আনেন। পাশাপাশিই তিনি সংসদে তোলার জন্য মানুষের সঙ্গে জড়িত আর্থিক বঞ্চনা, মূল্যবৃদ্ধি, কৃষকদের জন্য সারে ভর্তুকি, মণিপুরের হিংসার মতো বিষয়গুলি চিহ্নিত করেছিলেন।তারপরেই তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দলের একটি অংশের কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে।
ঘটনাচক্রে, সোমবারই জাতীয় কর্মসমিতির বৈঠকের পরে অর্থমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির মুখপাত্র হিসেবে ঘোষণা করেছিলেন।




