
হোয়াটসঅ্যাপ এখন শুধু বার্তা আদান–প্রদানের অ্যাপ নয়, অডিও ও ভিডিও কলের জনপ্রিয় মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
তবে ফোন নম্বর জানা থাকলেই কল করা যায় বলে অনেক সময় অপরিচিত বা অচেনা নম্বর থেকে আসা কল ইউজারদের জন্য বিরক্তির কারণ হয়ে ওঠে।এ সমস্যা কমাতে হোয়াটসঅ্যাপে রয়েছে অপরিচিত নম্বরের কল সাইলেন্ট রাখার একটি সুবিধা।এই ফিচার চালু থাকলে ফোনে সংরক্ষিত নেই,এমন নম্বর বা যাদের সঙ্গে আগে কখনো যোগাযোগ হয়নি, সেসব নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ কল ফোনে রিং করবে না।ফলে স্প্যাম, প্রতারণামূলক কিংবা অপ্রয়োজনীয় কলের কারণে বারবার বিরক্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, কল সাইলেন্ট থাকলেও সেটি পুরোপুরি আড়ালে চলে যায় না।অপরিচিত নম্বর থেকে আসা কলের তথ্য কল তালিকায় সংরক্ষিত থাকে এবং নোটিফিকেশন হিসেবেও দেখা যায়। প্রয়োজনে ইউজার পরে সেই নম্বরে কল ফিরিয়ে দিতে পারেন। অ্যান্ড্রয়েড ফোনে এ সুবিধা চালু করতে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলে ওপরের ডান পাশে থাকা তিনটি বিন্দুতে ট্যাপ করে সেটিংস-এ যেতে হবে। এরপর প্রাইভেসি অপশনে প্রবেশ করে নিচে স্ক্রল করলে কলস বিভাগ দেখা যাবে। সেখানে সাইলেন্স আননোন কলারস অপশনটি চালু করতে হবে।এই সেটিং চালু করার পর ফোনে সেভ করা নেই,এমন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল এলে রিংটোন বাজবে না। তবে কলটি কলস ট্যাবে দেখা যাবে এবং সেখান থেকেই চাইলে কল ব্যাক করা যাবে।
বলা হচ্ছে এই ফিচার শুধু বিরক্তি কমাতেই নয়, নিরাপত্তার ক্ষেত্রেও সহায়ক। অপরিচিত নম্বর থেকে সরাসরি কল রিসিভ না হওয়ায় স্প্যাম বা প্রতারণার ঝুঁকি কমে।









