
দিন দুয়েক আগেই স্ক্রিনিং কমিটির বৈঠকে জানানো হয়েছিল যে, সোশাল মিডিয়ায় তারকাদের লাগাতার হেনস্তা, আক্রমণের প্রতিবাদে টলিপাড়ার পরিচালক-প্রযোজকরা পুলিশের দ্বারস্থ হবেন। এবার নতুন বছরের দ্বিতীয় দিনে সেই কথামতোই কমিটির সদস্যরা লালবাজার সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন।
অপরাধদমন শাখার দপ্তরে হাজির হয়েছিলেন, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত-সহ শ্রীকান্ত মোহতা, রানা সরকার, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়,পরমব্রত চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও জিনিয়া সেন, ইন্দ্রদীপ দাশগুপ্ত-সহ টলিউডের একাধিক ব্যক্তিত্ব। খবর,নগরপালের কাছে সকলের সই সংগ্রহ করে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।এপ্রসঙ্গে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন,সবাই নগরপালের কাছে সমস্ত তথ্যপ্রমাণ-সহ ডেপুটেশন দিয়েছেন। সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছেন। যে যে বা যারাই অপরাধী হোক, কঠোরতম শাস্তি পাবে। উল্লেখ্য, দিন কয়েক ধরেই সিনেমার রেটিং কমিয়ে দেওয়ার অভিযোগে সরগরম টলিপাড়া।উপরন্তু গত পুজোর সময়েও এক তারকার অনুরাগীমহলের লাগাতার আক্রমণ বা ট্রোলিংয়ের মুখে পড়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন জিনিয়া সেন।
সম্প্রতি স্ক্রিনিং কমিটির বৈঠকেও সেপ্রসঙ্গ উত্থাপন হয়।সেখানেই জানানো হয়, লাগাতার এই ট্রোলিং, হুমকি সংস্কৃতির বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটা হবে।








