
সমস্ত মাল্টিপ্লেক্সে অর্ধেক বাংলা সিনেমা দেখাতে বলেছেন সুপারস্টার দেব। একইসঙ্গে হিন্দি ছবির পাশাপাশি বাংলা ছবির জন্যও প্রাইমটাইমে হলের দাবি তুলেছেন বাংলা ছবির কলাকুশলীরা।
তাদের অভিযোগ হিন্দি ছবির প্রযোজকদের চাপে জনপ্রিয় হওয়া সত্ত্বেও বাংলা ছবিকে মাল্টি প্লেক্স, পপলার ফোরামে সঠিক জায়গা দেওয়া হচ্ছে না। যার জেরে রিলিজের এক সপ্তাহের মধ্যেই হল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাংলা ছবি। এমনকি বাংলা ছবিকে কোণঠাসা করতে সকাল ১১টা, সাড়ে ১১টার সময় স্লট দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেব, ঋতুপর্ণা, কৌশিক গাঙ্গুলির মত বাংলা ছবির কলাকুশলীরা। সাম্প্রতিককালে বাংলা ছবিকে পরিকল্পিতভাবে কোণঠাসা করা হচ্ছে এবং এই সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কদিন আগে চিঠি দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মত বাংলা ছবির সুপার স্টাররা। আর তারপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার নন্দনে বাংলা ছবির সঙ্গে যুক্ত অভিনেতা, পরিচালক, কলাকুশলীদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আর সেই বৈঠকের পরেই ঋতুপর্ণারা আশা করছেন পরিস্থিতির উন্নতি হবে। তাঁদের অভিযোগ এমনও দেখা যাচ্ছে জনপ্রিয় ছবিকেও এমন স্লটে ফেলে দেওয়া হচ্ছে যখন দর্শক হওয়ার সম্ভাবনা খুবই কম।
উল্লেখ্য আর কদিন পরেই মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার দেব এবং শুভশ্রী অভিনীত ধূমকেতু, ঋতুপর্ণা সেনগুপ্তর বেলা। এই অবস্থায় প্রাইম টাইমে বাংলা ছবি দেখানো না হলে টালিগঞ্জে নতুন কেউ বিনিয়োগ করতে আগ্রহী হবেন না বলে অভিযোগ করেছেন ঋতুপর্ণা-কৌশিকরা।
