
ইজরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় মৃত্যু হয়েছে হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ-র। অক্টোবরে আমেরিকা-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির পর ইজরায়েলের হাতে নিহত হামাসের সর্বোচ্চ পদস্থ কর্মকর্তা তিনিই।
ওই চুক্তির উদ্দেশ্য ছিল যুদ্ধ বন্ধ করা। নাম প্রকাশ না করার শর্তে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ১৯৭০ সালে জন্ম নেওয়া ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ এই হামলায় নিহত হয়েছেন।
হামাস প্রকাশ্যে হাদ্দাদের মৃত্যুর খবর ঘোষণা করেনি। মধ্য গাজার আল আকসা শহিদ মসজিদে শনিবার হাদ্দাদ, তার স্ত্রী ও ১৯ বছর বয়সী মেয়ের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। তারা কীভাবে মারা গেছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। স্থানীয় চিকিৎসকদের মতে, ইজরায়েল শুক্রবার গাজায় অন্তত দুটি হামলা চালিয়েছে, এতে তিন নারী ও এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।








