
২০ বছর ধরে খোঁজ চালাচ্ছিল কর্নাটক পুলিশ। যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন মোস্ট ওয়ান্টেড সেই শীর্ষ মাওবাদী নেতা বিক্রম গৌড়া।
গোপন সূত্রে কর্নাটকের উদুপি পুলিশ খবর পায় হেবরি তালুকের কাছে পাঁচ সশস্ত্র মাওবাদী ওই এলাকার একটি দোকানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছেন। সেই খবর পেয়েই মাওবাদী দমন বাহিনীর সঙ্গে যোগাযোগ করে উদুপি পুলিশ। তারপরই যৌথবাহিনী ওই এলাকায় অভিযানে যায়। হেবরি থেকে কয়েক মিটার দূরে কাবিনেল জঙ্গলে মাওবাদীদের আশ্রয়ের খবরে সেখানে অভিযানে যেতে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন মাওবাদীরা।পাল্টা গুলি চালায় যৌথবাহিনীও। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। সেই সংঘর্ষের পর এক মাওবাদী সদস্যের দেহ উদ্ধার হয়। হেবরি পুলিশের শীর্ষ আধিকারিক মহেশ টি এম জানিয়েছেন, উদ্ধার হওয়া ওই দেহ শীর্ষ মাওবাদী নেতা বিক্রম গৌড়ার। হেবরি তালুকের নাদরালুর কুদলু গ্রামের বাসিন্দা তথা শীর্ষ মাওবাদী নেতা বিক্রম গৌড়া পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন।
কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, রাজ্যে মাওবাদী আন্দোলনের মুখ ছিলেন বিক্রম গৌড়া। কয়েক দশক ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
