
গণকনভেনশন কর্মসূচির পরে মশাল হাতে মিছিল করেছেন জুনিয়র চিকিৎসকরা। আর জি করের প্ল্যাটিনাম জুবিলী বিল্ড এর সামনে থেকে ক্যাম্পাসের ভিতরে একটি মোমবাতি ও মশাল হাতে মৌন মিছিল করেছেন তাঁরা।
শনিবারের এই কর্মসূচিতে চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিল নাগরিক সমাজের একটা বড় অংশ। দেখা গিয়েছে চৈতি ঘোষাল, দেবলীনাদের মতো অভিনেত্রীদের। কনভেনশনে যোগ দেওয়ার পর তাঁরা মিছিলেও হেঁটেছেন। আর জি কর হাসপাতাল প্রদক্ষিণ করে প্রতিবাদের বার্তা তুলে ধরেছেন সমাজের কাছে। এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন অনিকেত মাহাত, দেবাশিসের মতো জুনিয়র ডাক্তাররাই। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে গণকনভেনশনে পরিষ্কার জানানো হয়েছে, লড়াই থেকে কোনওভাবেই পিছিয়ে যাবেন না তাঁরা। কনভেনশন থেকে বেশ কিছু প্রশ্নও তুলেছেন তাঁরা। সুবিচারের দাবিতে যা করার সবটাই করবেন বলে তাঁরা জানিয়েছেন।
নির্যাতিতার বাবা-মার কথায় তাঁরা অনশন থেকে সরে এলেও আন্দোলন কোনও মতেই থামবে না বলে স্পষ্ট জানিয়েছেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা। মিছিল শেষে অভয়ার আবক্ষ মূর্তিতে মোমবাতি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সকলে।





