
নারী দিবসে টোটোচালকে লোক আদালতের বিচারকের আসনে বসিয়ে কুর্ণিশ জানানো হয়েছে বহরমপুরে। বহরমপুরের কান্তনগর এলাকার বাসিন্দা রাধারাণী দাস সংসারের হাল ধরতে টোটো চালানো শুরু করেন। তাঁকেই শনিবার বহরমপুর জেলা আদালতে আইনি পরিষেবা অফিসে নিয়ে যাওয়া হয় । সেখানেই বসেছিল জাতীয় লোক আদালত। মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা বিভাগের তরফে এই উদ্যোগ নেওয়া হয় । এই লোক আদালতের বিচারকের চেয়ারে বসিয়ে বিশেষ সম্মান দেওযা হয় রাধারানিকে।
এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত রাধারানি দাস বলেছেন এমনটা স্বপ্নেও ভাবেননি। জীবনে প্রথম এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। জেলা আইনি সহায়তা পরিষেবা কেন্দ্রের সচিব অদিতি ঘোষ জানিয়েছেন এটা ২০২৫-র প্রথম লোক আদালত। নারীদের ক্ষমতায়ন উদযাপন করা হয়েছে । একজন মহিলা যেভাবে টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন এই কাজ সত্যিই ব্যতিক্রমী।
