
ভারী বর্ষণ, ভূমিধস-বিপর্যয়ের ধাক্কা পেরিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে উত্তরবঙ্গ ও সিকিমের পর্যটন শিল্প। উৎসবের মরশুমের শেষভাগে এসে ফের ভিড় জমতে শুরু করেছে দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স ও সিকিমের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গুলিতে।
পাহাড়ের পথে ফিরছে পর্যটকদের কোলাহল। চলতি বছর ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল পর্যটন মরশুম। কিন্তু পাহাড়ে টানা বৃষ্টি, হড়পা বান ও ভূমিধসের আতঙ্কে বহু বুকিং বাতিল হয়। অনেকে এলেও কাটছাঁট করেছেন ভ্রমণসূচি। আবার পুজোর সময় কলকাতা ও আশপাশে বৃষ্টির জেরে শহরের অনেকেই বেরোতে পারেননি, ফলে উত্তরবঙ্গের পর্যটনেও তার প্রভাব পড়ে। তবে কয়েকদিনে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পাহাড় ও সমতলের দিকে ফিরছে পর্যটকদের আগ্রহ। দার্জিলিং, কালিম্পং, লাটাগুড়ি, ও সিকিমের গ্যাংটক, লাচুং, ইউমথাং, গুরুদোংমার, সেভেন সিস্টার্স ফলসের মতো জায়গায় এখন থেকেই ডিসেম্বরের বুকিং চলছে।
শীতের মরশুমে রুম বুকিংয়ের খোঁজও বেড়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকশো হোটেল ও হোমস্টে ইতিমধ্যেই বুকিংয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
