
বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বকখালিতে সমুদ্রস্নানে নেমে ভেসে গিয়েছেন এক পর্যটক। টানা তল্লাশির পরে নামখানা থানার পাতিবুনিয়া এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।
পুলিশ সূত্রে খবর, মৃত ইমতাজুল আরসিন। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর এলাকায়। শনিবার একটি গাড়ি ভাড়া করে বন্ধুদের সঙ্গে বকখালি ঘুরতে এসেছিলেন তিনি। রবিবার বিকেলে চার বন্ধু মিলে স্নান করতে নামেন সমুদ্রে। বেশ কিছু ক্ষণ পরে তিন জন স্নান সেরে উঠে এলেও ভেসে যান ইমতাজুল। সঙ্গে সঙ্গে শুরু হয় খোঁজাখুঁজি। প্রথমে স্থানীয় প্রশাসন ও লাইফগার্ডদের সহায়তায় সন্ধান চালানো হয়। কিন্তু রবিবার সন্ধ্যা নামার পরেও যুবকের কোনও খোঁজ মেলেনি। সোমবার দুপুর পর্যন্ত টানা উদ্ধারকাজ চলে।
সমুদ্রে নেমে তল্লাশির পাশাপাশি জলের উপর নজরদারি হয়। শেষ পর্যন্ত যুবককে পাওয়া গেল নামখানায়।









