
দিল্লিতে যমুনা নদীর পর এবার তামিলনাড়ুর রাস্তার উপর বিষাক্ত সাদা ফেনা জমায় উদ্বেগ বাড়িয়েছে। যমুনায় যে ধরনের ফেনা জমতে দেখা যায়, অনেকটা সেই ধরনেরই।
দক্ষিণি রাজ্যের হোসুর শহরে রাস্তার উপর জমে থাকতে দেখা গিয়েছে এই ফেনা। বিষয়টি নজরে আসার পরই পদক্ষেপ করেছে প্রশাসন। রাস্তার উপর থেকে সাদা ফেনা সরানোর কাজ শুরু করেছেন সাফাইকর্মীরা। সূত্রের খবর, রাস্তার উপর ফেনা জমে থাকার কারণে গাড়িগুলিকে অন্য পথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বেঙ্গালুরু থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহর। পাশ দিয়েই বয়ে গিয়েছে থেনপেন্নাই নদী। শহরের কাছেই রয়েছে কেলাভরাপল্লি জলাধার। বুধবার থেকে ভারী বৃষ্টি হয়েছে হোসুর এবং সংলগ্ন এলাকায়। সেক্ষেত্রে জলাধার থেকে জলও ছাড়তে হয়েছে। জলাধার থেকে ছাড়া জলের কারণে থেনপেন্নাই নদীর তীরবর্তী একাধিক এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতির মাঝেই রাস্তার উপর জমে থাকতে দেখা যায় সাদা ফেনা।
কিসের কারণে এই বিষাক্ত সাদা ফেনা জমেছে রাস্তার উপর, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
