
ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির খুব কাছে চলে এসেছে আমেরিকা। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তি কবে হবে, তা সুনির্দিষ্ট ভাবে জানাননি তিনি। ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের মধ্যে এখনও এই বিষয়ে দর কষাকষি চলছে। তিনি ভারতকে চিঠি পাঠালেই চুক্তি হয়ে যাবে।
হোয়াইট হাউসে বাহরিনের যুবরাজ এবং প্রধানমন্ত্রী সলমন বিন হামাদ আল খলিফার সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়ে খুব কাছে। একই সঙ্গে ট্রাম্পের সংযোজন, আমেরিকা বিভিন্ন দেশকে চিঠি পাঠিয়ে দারুণ সব চুক্তি করবে। চিঠিতে বলা থাকবে যে, আমেরিকায় রফতানি করা পণ্যের উপর ৩০ শতাংশ, ২৫ শতাংশ, ৩৫ শতাংশ, ২০ শতাংশ শুল্ক দিতে হবে। আমেরিকা খুব সুন্দর কিছু চুক্তি ঘোষণা করবে।
তবে ভারতের উপর ঠিক কত শতাংশ শুল্ক চাপতে চলেছে, তা স্পষ্ট করেননি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তির বিষয়ে আরও এক দফা আলোচনা সারতে সে দেশে গিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রকের একটি প্রতিনিধিদল। সর্বশেষ যে তথ্য প্রকাশ্যে এসেছে, তাতে কৃষিজাত পণ্য-সহ কিছু ক্ষেত্রে ভারত-আমেরিকার মধ্যে দর কষাকষি চলছে।
