
ছত্তীশগড়ের বিলাসপুরে যাত্রিবাহী ট্রেন এবং মালগা়ড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০-র বেশি জনের। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধারকাজ।আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে ছত্তীশগঢ়ের বিলাসপুরে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোরগোল পরে গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যাত্রীবাহী ট্রেনটি রায়গড়ের গেভরা থেকে বিলাসপুরে যাচ্ছিল। আর মালগাড়িটি আসছিল বিলাসপুরের দিক থেকে। বিলাসপুর রেলওয়ে স্টেশনের কাছে লাল খন্ডের কাছে একই ট্র্যাকে এই দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, স্বাভাবিক ভাবেই এখনও তা স্পষ্ট নয়। ঘটনাস্থলের ছবি-ভিডিয়োয় দেখা গিয়েছে, যাত্রিবাহী ট্রেনটির একটি কামরা উঠে গিয়েছে মালগাড়িটির উপরে। আর বেশ কয়েকটি কামরা রেললাইন তেকে ছিটকে পড়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেল কর্মকর্তা ও কর্মচারীরা। আহতদের উদ্ধারে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছে ঘটনাস্থলে। প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারাই।







