
এ বার উত্তরপ্রদেশে রেললাইনের উপরে কাঠের গুঁড়ি ফেলে এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত করার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে।
সূত্রের খবর, কাঠের গুঁড়ি নজরে আসতেই ব্রেক কষেন চালক। তার পরেও কাঠের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগা ঠেকানো যায়নি। ট্রেনের চাকার সঙ্গে ঘষতে ঘষতে কিছু দূর এগিয়ে যায় কাঠের গুঁড়ি। স্বল্প ক্ষণ এ ভাবে চলার পর অবশ্য থেমে যায় ট্রেনটি। ঘটনায় মালিহাবাদ থানায় একটি এফআইআরও দায়ের হয়েছে। কী ভাবে রেললাইনের উপর কাঠের গুঁড়িটি এল, তা এখনও স্পষ্ট নয়।ঘটনার পর রেলের একটি অনুসন্ধান দল ঘটনাস্থলে পৌঁছয়। কাঠের গুঁড়িটি ট্রেনের নীচে যে ভাবে আটকে ছিল, তা বার করতে বেশ বেগ পেতে হয় রেলকর্মীদের। রেলের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনার জন্য প্রায় দু’ঘণ্টা আটকে ছিল ট্রেনটি। পরে আরপিএফের একটি দলও ঘটনাস্থলে পৌঁছয়। তাঁদের সাহায্য নিয়ে ট্রেনের নীচে আটকে থাকা গুঁড়িটিকে সরানো হয়।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই ঘটনার জেরে রেললাইনের উপর থাকা সিগনালের যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
যার জেরে লখনউ এবং হরদইয়ের মাঝে আপ এবং ডাউন উভয় লাইনেই সাবধানতার সঙ্গে ট্রেন চালাতে হচ্ছে চালকদের।
ছবি সৌজন্যে :সংগৃহীত









