
বুধবারের পর বৃহস্পতিবার ফের ট্রেন অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পৌনে ১০টা উত্তর রাধানগর স্টেশনে স্থানীয় যাত্রীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা।
এর ফলে শিয়ালদহের দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে সমস্ত ট্রেন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। দিনের শুরুতেই এই ঘটনায় ভোগান্তিতে পড়েন অফিসযাত্রী এবং স্কুল-কলেজের পড়ুয়ারা। যাত্রীদের অভিযোগ, সম্প্রতি ট্রেনে সাধারণ কামরার সংখ্যা কমিয়ে সেখানে অতিরিক্ত মহিলা কামরা যোগ করা হয়েছে। এর ফলে প্রতি দিন ট্রেনে ভিড়ের মধ্যে যাতায়াত করতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হয়নি। ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে।
