
সকালের ব্যস্ত সময়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে শিয়ালদহ-বনগাঁ শাখায়। বুধবার সকালে দমদম স্টেশনে ঢোকার আগে পর পর দাঁড়িয়ে পড়ে শিয়ালদহগামী একাধিক লোকাল ট্রেন।
এর ফলে অসুবিধার সম্মুখীন হন যাত্রীরা। অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে থাকেন। বুধবার সকালে যে বারাসত লোকালের ৮টা ৫০ মিনিটে দমদম স্টেশনে ঢোকার কথা ছিল, সেটি মাঝপথে প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে ছিল। ডাউন লাইনে পর পর দাঁড়িয়ে যায় বেশ কয়েকটি ট্রেন। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের আগে দাঁড় করিয়ে দেওয়া হয় বনগাঁ-শিয়ালদহ মাতৃভূমি লোকালকেও।নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পরে ট্রেনগুলি দমদম স্টেশনে পৌঁছোয়। প্রবল ভিড়ের কারণে প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কি শুরু হয়। যাত্রীদের একাংশের অভিযোগ, কী কারণে এই দুর্ভোগ, রেলের তরফে তা জানানো হয়নি। যদিও অন্য একটি অংশের দাবি, স্টেশনগুলিতে ঘোষণা করা হয়েছে যে, পয়েন্টে সমস্যার কারণেই এই বিপত্তি।
ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় আপ লাইনেও বেশ কয়েকটি লোকাল ট্রেন দেরিতে চলছে।








