
ঘূর্ণিঝড় ফেঙ্গালে বিধ্বস্ত তামিলনাড়ুর পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ফেঙ্গালের দাপটে লণ্ডভণ্ড তামিলনাড়ু। এখনও অবিরাম বৃষ্টিতে জলমগ্ন তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা। ত্রান শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দক্ষিণের ওই রাজ্য। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সহায়তার আর্জি জানিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।এই আবহে মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী।কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী তামিলনাড়ুকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের বিষয়টি নিজেই জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। তামিলনড়ুর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। রাজ্যের পরিস্থিতি সম্পর্কে সবটা জানিয়েছেন তিনি। রাজ্য প্রশাসন প্রতিনিয়ত কাজ করে চলেছে। তবে এক্ষেত্রে কেন্দ্রের সাহায্য প্রয়োজন। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার ব্যাপারে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং চিঠি লিখেছেন। তিনি আশাবাদী প্রধানমন্ত্রী পরিস্থিতি বিবেচনা করে তাঁর অনুরোধ রাখবেন। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আজ, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু জুড়ে।
আবহাওয়ার কথা বিবেচনা করে আজ মঙ্গলবার মাইসোরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
