
ইংল্যান্ডের শীর্ষ লিগের রেকর্ড ট্রফি জয়ের পর এবার দলবদলের বাজারেও নিজেদের নতুন উচ্চতায় তুলে ধরতে চাইচ্ছে লিভারপুল। পরিমিত ব্যয়ে দল গঠনে বরাবরই সুনাম ছিল ক্লাবটির, কিন্তু এবার যেন ব্যতিক্রম এক চিত্র। ভবিষ্যতের পথচলা আরও মজবুত করতে তারকা ফুটবলার কেনায় বড় অঙ্কের অর্থ ঢালছে তারা।
একসময় যেখানে দলবদলের বাজারে রাজত্ব করতো পিএসজি, চেলসি, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো, সেখানে এবার অর্থের ঝনঝনানি দেখাচ্ছে অল রেডরা। অ্যানফিল্ডের শেষ চমক হিসেবে লিভারপুলে যোগ দিয়েছেন হুগো একিটিকে।জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে এই ফরাসি ফরোয়ার্ডকে আনতে নানা সংযোজনসহ খরচ পড়েছে প্রায় ৭ কোটি ৯০ লাখ পাউন্ড!এই দলবদলসহ চলতি গ্রীষ্মে লিভারপুলের মোট ব্যয় প্রায় ৩০ কোটি পাউন্ড ছুঁয়ে গেছে। যদিও কিছু খেলোয়াড় ছাড়ার মাধ্যমে তারা আয় করেছে ৬ কোটি ৪০ লাখ পাউন্ডের মতো। তবু নিট ব্যয়টা লিভারপুলের মতো হিসেবি ক্লাবের জন্য বেশ বড়।অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা ক্লাবটির অন্যতম অগ্রাধিকার।তাই এতটা ব্যয় করা নিয়ে অনেকের কৌতূহল থাকতেই পারে। এ বিষয়ে সাক্ষাৎকারে লিভারপুলের প্রধান বিলি হোগান বলেছেন, এটা হুট করে হয়নি। দীর্ঘদিন ধরে তাঁরা একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তুলেছেন, যার ভিত্তিতেই এমন বিনিয়োগ সম্ভব হয়েছে। গত সিজনে দলের কম খরচ নিয়ে নানা প্রশ্ন উঠলেও মাঠের পারফরম্যান্সে তার জবাব দিয়েছে লিভারপুল। নতুন কোচ আর্নে স্লটের অধীনে তারা জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি। প্রিমিয়ার লিগ যুগে এটি তাদের দ্বিতীয় হলেও ইংল্যান্ডের শীর্ষ লিগে ২০তম ট্রফি,যা ছুঁইয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড।
এ প্রসঙ্গে হোগান বলেছেন, ২০তম ট্রফি তাঁদের নতুন এক অবস্থানে পৌঁছে দিয়েছে। তাঁরা এখন বিশ্বের অন্যতম বড় ক্লাব।





