অলিম্পিক্সে রূপান্তরকামী মহিলা প্রবেশ নিষিদ্ধ! 

0
65
ছবি সৌজন্যে : এক্স

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের আগে বড়সড় সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। নতুন নীতি ঘোষণা করে জানানো হয়েছে, প্রতিযোগিতার মহিলা বিভাগে এখন থেকে শুধু জৈবিকভাবে নারী হিসেবে জন্মানো অ্যাথলিটরাই অংশ নিতে পারবেন।

সেখানে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। আইওসি স্পষ্ট জানিয়েছে, অলিম্পিক্স বা আইওসির যে কোনও আয়োজনে মহিলা বিভাগে অংশগ্রহণ এখন থেকে শুধু জৈবিক নারীদের জন্য সীমাবদ্ধ। যোগ্যতা নির্ধারণ হবে একটি বিশেষ জিন পরীক্ষার মাধ্যমে। যার নাম এসআরওয়াই জিন স্ক্রিনিং। সংস্থার বক্তব্য, নয়া নীতি মহিলা বিভাগে ন্যায্যতা, নিরাপত্তা ও সততা রক্ষা করলেও এই নিয়ম পূর্ববর্তী কোনও সিদ্ধান্তকে প্রভাবিত করবে না। তৃণমূল স্তরের বা বিনোদনমূলক খেলাধুলাতেও এটা প্রযোজ্য নয়। উল্লেখ্য, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে পুরুষ হিসেবে জন্মানো কোনও ট্রান্সজেন্ডার মহিলা অ্যাথলিট অংশ নেননি।

তার আগেই অ্যাথলেটিক্স, সাঁতার ও সাইক্লিং,তিনটি শীর্ষ ক্রীড়া সংস্থা নিজেদের মতো করে ট্রান্সজেন্ডার নারীদের বিষয়ে নিয়ম তৈরি করেছিল। এদিকে,আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে মেয়েদের খেলাধুলায় ট্রান্সজেন্ডার মহিলাদের অংশগ্রহণ নিষিদ্ধ করে আদেশ জারি করেছেন। আইওসির নতুন নীতি সেই অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।