
সপ্তাহের শুরুর পর আবারও রাস্তায় নেমে সরকারি বাস নিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকের পর শহরের বিভিন্ন প্রান্তে আধিকারিকদের সঙ্গে রাস্তায় নেমে বিভিন্ন সময়ে সরকারি বাসের অমিল নিয়ে যাত্রীদের সমস্যার কথা শুনছেন পরিবহণ মন্ত্রী।
বুধবার শহরের একাধিক সরকারি হাসপাতাল গুলোর সামনে পৌঁছেছিলেন মন্ত্রী। রোগীর পরিজনদের হাসপাতালে যেতে আসতে বাসের জন্য দাড়িয়ে থাকতে না হয় তা খতিয়ে দেখার নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর। সেই মতো এসএসকেএম হাসপাতালের সামনে পৌঁছতেই মন্ত্রীকে শুনতে হয় পর্যাপ্ত সরকারি বাসের দেখা নেই। অনেক রুটের বাস বন্ধ। দীর্ঘক্ষণ দাঁড়াতে হয়। বাসগুলোতে প্রচণ্ড ভীড়।পরিবহণ মন্ত্রী আশ্বাস দেন সমস্যা সমাধানে বেসরকারি বাস সংগঠনের সাথে তারা কথা বলছেন। পারমিট সরলীকরণ এর কথা ভাবছে সরকার। তাছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শহরে ৩ হাজার ৩০০ থেকে বেড়ে বাসের ফ্রিকোয়েন্সি হয়েছে ৪ হাজার ১০০। হাসপাতাল গুলোর সামনে বাসের ফ্রিকোয়েন্সি বেড়েছে ৭০০-র মতো।
গঙ্গাসাগর মেলা মিটলে আরও সরকারি বাস শহর জুড়ে চলবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এসএসকেএম ছাড়াও এনএরএস হাসপাতাল এবং চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজের সামনে রাস্তায় যাত্রীদের সাথে কথা বলেছেন পরিবহণ মন্ত্রী আর কর্তারা।








