
বিশ্বে প্রথমবারের মতো ফ্রান্স থেকে সুইজারল্যান্ড পর্যন্ত অ্যান্টিম্যাটার পরিবহন করেছেন বিজ্ঞানীরা।এজন্য শিপিং কন্টেইনার তৈরি করেছেন ইউরোপের নিউক্লিয়ার রিসার্চ অর্গানাইজেশন বা সার্ন-এর বিজ্ঞানীরা, যার মাধ্যমে এই প্রথম ল্যাবরেটরি থেকে অ্যান্টিম্যাটার বাইরে পরিবহন করা সম্ভব হয়েছে বলে দাবি তাদের।
ইউরোপীয় গবেষণা কেন্দ্রের দলটি দু’ মিটার দীর্ঘ এক কন্টেইনমেন্ট ডিভাইস তৈরি করেছে এবং সফলভাবে ৪ কিলোমিটার পর্যন্ত অ্যান্টিম্যাটার পরিবহন করে তারপর সেটি আবার ল্যাবরেটরিতে ফিরিয়ে এনেছে বলে দাবি করা হচ্ছে। উল্লেখ্য,অ্যান্টিম্যাটার এমন একটি পদার্থ, যা সাধারণ পদার্থের বিপরীতে কাজ করে। আশপাশের সব কিছু যেমন বস্তুর গঠন হয় অ্যাটম দিয়ে, অ্যান্টিম্যাটার ঠিক তেমনই, তবে এতে সব কিছুর বিপরীতে চার্জ থাকে। যেমন,সাধারণ পদার্থে ইলেকট্রন নেগেটিভ ও প্রোটন পজিটিভ চার্জ ধারণ করে।তবে অ্যান্টিম্যাটারে অ্যান্টি-ইলেকট্রন বা পজিটিভ চার্জ ও অ্যান্টি-প্রোটন বা নেগেটিভ চার্জ থাকে।গবেষকরা বলছেন, প্রথমবারের মতো এমন একটি প্রদর্শনী অ্যান্টিম্যাটারকে ইউরোপের বিভিন্ন ল্যাবরেটরি থেকে পাবলিক রোড নেটওয়ার্কের মাধ্যমে পরিবহন করার পথ খুলে দিয়েছে।
জার্মানির হেইনরিখ হেইন ইউনিভার্সিটি ডুসেলডর্ফ-এ অত্যাধুনিক এক সুবিধা রয়েছে, যা সার্ন থেকে প্রায় আটশ কিলোমিটার দূরে। এটিই হতে চলেছে সার্ন থেকে অ্যান্টিম্যাটার গ্রহণকারী প্রথম জায়গা।মহাকাশ ও মহাবিশ্ব বোঝার জন্য অ্যান্টিম্যাটার নিয়ে গবেষণার বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে পৃথিবীতে এমন কেবল হাতে গোনা কয়েকটি ল্যাবরেটরি রয়েছে, যা এটি তৈরি করতে পারে।
