
সীমান্ত উন্মুক্ত রাখার জন্যই বহু অপরাধী বেআইনি ভাবে আমেরিকায় ঢুকেছিলেন, যাঁদের দেশে ফেরাতে কয়েক শো মিলিয়ন ডলার মশুল গুনতে হয়েছে আমেরিকাকে।
ট্রুথ সোশ্যাল-এর একটি পোস্টে যে বাইডেনকে দুষে এমনই অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, এত দিন ধরে বহু অপরাধী, মাদক ব্যবসায়ী এবং মানসিক ভাবে বিকারগ্রস্ত ব্যক্তিকে বিনা বাধায় আমেরিকায় প্রবেশের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। ট্রাম্প বলেছেন, এটি ইচ্ছাকৃত ভাবে পরিকল্পনা করে করা হয়েছে। এটি দেশের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা, যা আমেরিকাকে প্রায় ধ্বংস করে দিয়েছে। বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতির জন্যই অপরাধীরা আমাদের দেশে ইচ্ছামতো প্রবেশ করেছে। পোস্টে বাইডেনকে বোধশক্তিরহিত বলেও উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, সবাই জানে জো বাইডেন কখনওই মাদক ব্যবসায়ী, অপরাধী এবং বিকারগ্রস্তদের এ দেশে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন এবং অযৌক্তিক ভাবে ঢুকতে দেবেন না।
তাঁর প্রতিবন্ধকতার সুযোগ নিয়ে কিছু মানুষ এই কাজটি করেন। আমেরিকাকে ধ্বংস করতে চাওয়া বিশ্বাসঘাতকদের কঠোর শাস্তি হওয়া উচিত।









