
ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায় দুই বঙ্গেই ঝড়বৃষ্টির দাপট। ভেঙে পড়েছে গাছ, উড়ে গিয়েছে বাড়ির চাল। দুই বঙ্গেই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে চাষে।
ঝড়ে লাইটপোস্ট ভেঙে পড়ে দাসপুরে মৃত্যু হয়েছে মহিলার। কলকাতাতেও ঝড় বৃষ্টির জেরে নাকাল হয়েছেন অফিস ফেরত যাত্রীরা। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে ঝড়বৃষ্টির দাপট থাকবে শুক্রবার পর্যন্ত। দুই বঙ্গেই বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আপাতত তিনদিন সর্বোচ্চ তাপমাত্রার হেরফের হবে না। বৃষ্টি কমলে ফের বাড়তে পারে তাপমাত্রা। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েচে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৬০-৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ বাকি জেলায় হালকা বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় হলুদ সতর্কতা থাকছে।
তবে শুক্রবার থেকে কমবে ঝড়বৃষ্টির দাপট। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।






