
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে আসনরফা নিয়ে মতবিরোধ বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ী এবং সমাজবাদী পার্টির মধ্যে। মহারাষ্ট্রের এসপি-র রাজ্য সভাপতি আবু আজমি জানিয়েছেন, বিধানসভায় মহাবিকাশ আঘাড়ী’র কাছে পাঁচ আসন দাবি করেছিলেন।
কিন্তু তা নিয়ে টালবাহানা চলছে। তাই এসপি ঠিক করেছে মহারাষ্ট্রে তারা একাই লড়বে। সম্প্রতি শিবসেনা ধুলে বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে রাজ্য এসপি। কারণ, তারা যে পাঁচটি আসনের দাবি করেছিল, তার মধ্যেই ছিল ধুলে। আবু আজমি জানিয়েছেন, কোনও আলোচনা ছাড়াই প্রার্থী ঘোষণা করছে মহাবিকাশ আঘাড়ী। তাই তাঁরাও একলা চলো’র ডাক দিতে পারেন। এমনকি, ২০টি আসনে প্রার্থী দিতে পারে এসপি। যদি নির্বাচনী এলাকায় ভোট ভাগাভাগি হয়, তবে তার জন্য দায়ী থাকবে এমভিএ। ইতিমধ্যেই এসপি তাদের প্রস্তাবিত পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করেছে।
মঙ্গলবার তাঁরা মনোনয়ন জমা দেবেন। তবে আগামী দিনে সমাজবাদী পার্টি যে সেই আসন সংখ্যা আরও বৃদ্ধি করতে পারে, তার ইঙ্গিতও দিয়ে রেখেছেনআবু আজমি।
ছবি সৌজন্যে : এক্স
