
তৃণমূল নেতাকে কাটমানি দিয়ে মেলেনি ঘর। টাকা ফেরত চাইতে গিয়ে বেধড়ক মারধরে রঘুনাথগঞ্জের আবাস বঞ্চিতের মৃত্যু হয়েছে এনআরএস হাসপাতালে। মৃত কালু শেখ রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা।
জানা গিয়েছে আবাসের ঘর পেতে তৃণমূল নেতা মিঠু শেখকে ৫ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু তালিকায় নাম না ওঠায় শনিবার টাকা চাইতে গেলে বেধড়ক মারধর করে মিঠু শেখ। ফাটিয়ে দেওয়া হয় মাথা। এরপর রক্তাক্ত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানেই ভোরে মৃত্যু হয়েছে বছর ৫৭-র কালু শেখের। মৃত্যুর খবর পৌঁছতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাম-কংগ্রেস কর্মীরা তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।
