
দাউ দাউ করে জ্বলছে মঞ্চ, তাতে একের পর এক ছোড়া হচ্ছে চেয়ার। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা ঘিরে রবিবার রাতে উত্তপ্ত ওঠে বেহালার সখেরবাজার।
তৃণমূলের বিরুদ্ধে সভামঞ্চ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করে বিজেপি। পাল্টা তৃণমূলের অভিযোগ বড়িশা ক্লাবে টুর্নামেন্ট চলাকালীন ভাঙচুর করেছে বিজেপি। সখেরবাজারের সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। অন্যদিকে মাত্র কয়েকশো মিটার দূরে বড়িশা ক্লাবে ব্যাটমিন্টন টুর্নামেন্ট চলছিল। মাইক বাজছিল। অভিযোগ সভা শেষে বিজেপি কর্মীরা গিয়ে মাইক কমাতে বললেই সংঘাত বাধে। তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মীরা ক্লাবে তাণ্ডব চালায়। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করে বিজেপি। স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। ডায়মন্ডহারবার রোড বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখে তৃণমূল।
সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পৌঁছন দুই বিধায়ক দেবাশিস কুমার, রত্না চট্টোপাধ্যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।





