
আবারও কলকাতায় সিইও দফতরের তৃণমূলপন্থী বিএলও এবং তাদের সঙ্গীসাথীদের বিক্ষোভে ধুন্ধুমার। সিইও মনোজ আগরওয়ালের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা। বাধা পেতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। মৃত বিএলওদের পরিবারের ক্ষতিপূরণের দাবি তোলেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা।
শনিবারই বেঙ্গল চেম্বারে বিশেষ অবজার্ভার সুব্রত গুপ্ত সহ ১৩ জন রোল অবজার্ভারের সঙ্গে বৈঠক করেছেন মনোজ আগরওয়াল। সেই বৈঠক থেকে বেরতে বিক্ষোভের মুখে পড়েন। সিইও-র গাড়ির সামনে শুয়ে, বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিএলওদের একাংশ। মেমারি, কৃষ্ণনগর থেকে মালবাজার পরপর বিএলও-র মৃত্যু এবং পরপর অসুস্থ হয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। পুলিশ কোনওরকমে মনোজ আগরওয়ালকে নিরাপত্তা দিয়ে সিইও দফতরে পৌঁছে দিয়েছেন।
এই পরিস্থিতির মধ্যে আবারও ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশ-বিএলওদের মধ্যে। আহত হন বিএলও অধিকার রক্ষা কমিটির এক সদস্য। সিইও দফতর ঘিরে রাখেন কমিটির সদস্যরা। এরসাথে সোমবার সিইও দফতরে রাতভর বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলপন্থী বিএলওরা।









