
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের দিনই রাজ্যের বকেয়া ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা মনে করিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের জনসভার সুর পশ্চিমবঙ্গের মাটি ছোঁয়ার আগের দিনই বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদী।
বুধবার বিকেলে নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, বৃহস্পতিবার বিকালে তিনি আলিপুরদুয়ারে পশ্চিমবঙ্গ বিজেপির একটি জনসভায় ভাষণ দেবেন। গত এক দশক ধরে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষের দ্বারা দারুণ ভাবে প্রশংসিত হয়েছে। পরের বাক্যেই মোদী লিখেছেন, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের দুর্নীতি এবং অপশাসনে ক্লান্ত।
এরপরই পাল্টা তৃণমূলের তরফে এক্সে ছবি পোস্ট করে লেখা হয়েছে, যেহেতু পরিযায়ী পাখিরা পশ্চিমবঙ্গে তাদের মরসুমি ভ্রমণ শুরু করছে, তাই কেন এই সহজ প্রশ্নের জবাব দেবে না যে, কেন্দ্রীয় সরকার কেন রাজ্যের ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা ন্যায্য পাওনা আটকে রেখেছে? যে পাখিটির ছবি তৃণমূলের তরফে পোস্ট করা হয়েছে, তার গলায় একটি গেরুয়া উত্তরীয়। তাতে বিজেপির প্রতীক পদ্মফুল আঁকা।






